প্রকাশিত

০৭/০১/২০২৬ ০২:০১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

পোস্টাল ভোট দেবেন সিলেটের লক্ষাধিক প্রবাসী

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০২:০১:০০ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দিতে সিলেটের ১ লাখ ৩ হাজার ১৬৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এরমধ্যে সিলেটের ছয়টি আসনে সবচেয়ে বেশিসংখ্যক নিবন্ধন হয়েছেন। আর আসন বিবেচনায় সিলেট ১ আসনে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে। পোস্টাল ভোট বিডির তথ্য অনুযায়ী, সারা দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। এছাড়া এখনো ৭ হাজার ১৩ জন ভোটারের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিদেশে অবস্থানরত সিলেটি ভোটারদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে নিবন্ধন করেছেন ৪৫ হাজার ৮০৬ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন, নারী ৭ হাজার ৩২৯ জন। এসব আসনে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ২২৫ জন ভোটার। সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৭১ জন, নারী ভোটার ৩ হাজার ৮২ জন। এখানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন ভোটার। হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে নিবন্ধিত প্রবাসী ভোটার সংখ্যা ১৫ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন, নারী ২ হাজার ৩৯৫ জন। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন। মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন, নারী ৩ হাজার ৬১০ জন। এখানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন ভোটার।
আসনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সিলেট-১ সংসদীয় আসনে। এ আসনে মোট নিবন্ধিত ভোটার ১২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৮ জন, নারী ভোটার ২ হাজার ৫৮০ জন। এছাড়া এই আসনে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ২৫ জন ভোটার।
অনুমোদনের অপেক্ষায় থাকা ভোটারদের বিষয়ে জানতে চাইলে সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা অপেক্ষমাণ সব ভোটারের আবেদন ২১ জানুয়ারির মধ্যেই অনুমোদন দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


শুভ প্রতিদিন/এমকে