সিলেটের ১৯ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, আপিল করেছেন ১০ জন
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৩:৫০:৫৮ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তবে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়েরের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জানুয়ারি (রোববার) পর্যন্ত। এরই মধ্যে বুধবার (৭ জানুয়ারি) পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন আসন থেকে ১০ জন প্রার্থী আপিল দায়ের করেছেন।
এ তথ্য নিশ্চিত করে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (আন্তর্জাতিক) মিজ ফৌজিয়া সিদ্দিক। তিনি বলেন, সিলেট অঞ্চল থেকে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আরও আপিল আসতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফশিল অনুযায়ী দায়ের করা আপিলগুলো ১২ জানুয়ারি (সোমবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত নিষ্পত্তি করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি (মঙ্গলবার)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি (বুধবার)। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা। তফশিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শুভ প্রতিদিন/এমকে