প্রকাশিত

০৮/০১/২০২৬ ০৭:৫৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

প্রার্থীতা ফিরে পেতে সিলেট থেকে ইসিতে ১৭ জনের আপিল

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৭:৫৫:০০ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সিলেটের ১৭ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসন থেকে মোট ১৭ জন প্রার্থী আপিল দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (আন্তর্জাতিক) মিজ ফৌজিয়া সিদ্দিক। তিনি বলেন, সিলেট অঞ্চল থেকে এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে, ফলে আরও আপিল আসতে পারে। তিনি আরও বলেন, শুধু বৃহস্পতিবারই সিলেট থেকে ৫ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।
এর আগে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচনের তফশিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। আপিল গ্রহণ করা হচ্ছে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শুভ প্রতিদিন/এমকে