প্রকাশিত

০৮/০১/২০২৬ ০৮:৪৬:০৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট সীমান্তে ১ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৮:৪৬:০৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী পরিচালিত এই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের আওতাভুক্ত এলাকাগুলো হলো— বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই।
অভিযানকালে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, শাড়ি, কমলা, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা এবং ভারতীয় মদ। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ এবং বেশ কিছু গরু ও মহিষ আটক করা হয়। চোরাচালানী মালামাল ও অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি ডিআই পিকআপ ভ্যানও বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭শ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশাল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় সীমান্তে বিজিবির এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভ প্রতিদিন/এমকে