সিলেট-৫ আসনে জমিয়ত প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন
ছবি: ।
সিলেট-৫ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজন ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না-তা ব্যাখ্যা দিতে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নির্বাচনী প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচন আচরণবিধি তদারকিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে ধরে অশালীন স্লোগান দেন এবং ভীতি সৃষ্টির চেষ্টা করেন।
নোটিশে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে মঞ্চে উপস্থিত কয়েকজন নেতা-বিশেষ করে সিদ্দিকুর রহমান পাপলু-নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণ করেন। অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সমাপ্ত করার নির্দেশ দেওয়া হলেও উবায়দুল্লাহ ফারুক ও তাঁর সঙ্গে থাকা নেতৃবৃন্দ তা উপেক্ষা করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যান। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় কেন তাঁর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টায় নির্বাচন অফিসে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে