সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুকে ঘিরে বিএনপিতে উৎসবের আমেজ : তাহসিনা রুশদীর লুনা
প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৫:৫৪:২২ অপরাহ্ন
ছবি: ।
সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচারণা-এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন এবং প্রথম দিনের প্রচারণা সিলেট থেকে শুরুর সিদ্ধান্তকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সিলেট ও সুনামগঞ্জের মোট ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে দায়িত্বভার গ্রহণ করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাঁকে সরাসরি দেখার আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহই সিলেটের জনসভাকে ঘিরে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা তৈরি করেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সিলেটের সম্পর্ক শুধুমাত্র আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ্য করে তিনি বলেন, প্রবাস জীবনে বিশেষ করে লন্ডনে অবস্থানকালে সিলেট অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে সিলেটের মানুষের সঙ্গে তাঁর একটি গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এ কারণেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করাকে নেতাকর্মীরা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, সিলেটে অনুষ্ঠিতব্য জনসভায় সিলেটের ছয়টি ও সুনামগঞ্জের পাঁচটি-মোট ১১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংসদীয় এলাকার ভোটারদের উদ্দেশ্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মতামত প্রদান করতে হবে। ভোটারদের অংশগ্রহণের মাধ্যমেই একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।
শুভ প্রতিদিন/এমকে