বিশ্বকাপের নাম টি-টোয়েন্টি পরিবর্তন চান তারকা
বিশ্বকাপের নাম টি-টোয়েন্টি পরিবর্তন চান তারকা
প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৬:১৮:৫৪ অপরাহ্ন
ছবি: ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম পরিচর্তন চান ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া এই তারকার দুশ্চিন্তা ওয়ানডে ফরম্যাট নিয়ে। তার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আসর বলতে কেবল ওয়ানডে বিশ্বকাপই উল্লেখযোগ্য।
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সঞ্জয় লিখেছেন, ‘আমার কাছে “ক্রিকেট বিশ্বকাপ” মানে সবসময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, এটিকে চার বছর পরপর আসা (ওয়ানডে) বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়। আমার মতে এর প্রকৃত নাম হতে পারে– দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।’
ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও চলতি মাসের শুরুর দিকে উদ্বেগ জানিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটের ভাগ্য নিয়ে। একই সঙ্গে উল্লেখ করেন– ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ আসর।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘আমি ২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত নই। আমি এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। অবশ্যই আমি (ভারতের ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া প্রতিযোগিতা) বিজয় হাজারে ট্রফি দেখি, কিন্তু ততটা নয় যতটা সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) অনুসরণ করি। বিষয়টা আমার কাছে কঠিন মনে হয়। অবশ্য আমাদের দেখা জরুরি যে দর্শকরা কী দেখতে চায়। আমি মনে করি টেস্ট ক্রিকেটের এখনও একটা অবস্থান আছে, কিন্তু ওয়ানডের ততটা নেই বলে অনুভব করি।’
অশ্বিন আন্তর্জাতিক টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭) বোলার। এ ছাড়া ১১৬ ওয়ানডেতে নিয়েছেন ১৫৬ উইকেট। সাবেক অফস্পিনার অশ্বিন বলছেন, ‘দেখুন রোহিত ও কোহলি যখন বিজয় হাজারে ট্রফিতে ফিরল, মানুষ তা অনুসরণ করা শুরু করে। আমরা জানি যে, খেলা সবসময়ই ব্যক্তির চেয়ে বড়, কিন্তু একই সময়ে এমন (রোহিত-কোহলি) খেলোয়াড়ের প্রত্যাবর্তনও প্রাসঙ্গিক হয়ে ওঠে।’
এমকে