পিভিসি ব্যানার-বিলবোর্ডে প্রার্থীদের প্রচারণা সিলেটে : প্রশাসনের সতর্কতা
পিভিসি ব্যানার-বিলবোর্ডে প্রার্থীদের প্রচারণা সিলেটে : প্রশাসনের সতর্কতা
প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৮:০৫:১০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি অমান্য করে অপচনশীল দ্রব্যে তৈরি ব্যানার, ও বিলবোর্ড টাঙাতে শুরু করেছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে রিটার্নিং অফিসার শাস্তি বা জরিমানা করার ক্ষমতা রয়েছে। তবে বিধিমালায় রঙিন বিলবোর্ডে কোন আপত্তি নেই।
সরজমিনে দেখা গেছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন সিটি এলাকায় ফুটওভার ব্রিজ ও প্রধান সড়কের বিভিন্ন স্থানে রঙিন পিভিসি বিলবোর্ড টাঙিয়েছেন।
বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরের ব্যস্ত বাজার ও প্রধান সড়কে পিভিসি ব্যানার ব্যবহার করেছেন, পাশাপাশি সিএনজি অটোরিকশার মাঝেও পোস্টার সাঁটিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সড়ক বিভাজক এবং গাছে ফেস্টুন টাঙিয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসানও নগরের বিভিন্ন সড়ক বিভাজকের বেড়ায় পিভিসি ব্যানার স্থাপন করেছেন।
আচরণবিধি লঙ্ঘন বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বলেন, আমি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করিনি। আমি একজন আইনজীবী। একজন আইনজীবী হিসেবে আইন মেনে চলা শুধু আমার দায়িত্বই নয়, বরং পেশাগত অঙ্গীকার। আমরা আইনের ব্যাখ্যা দিই, মানুষকে আইন মানতে উৎসাহিত করি নিজেরা আইন অমান্য করব, এমন প্রশ্নই আসে না। গেল ২২ জানুয়ারি আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করি এবং বিলবোর্ড ব্যবহারের বিষয়ে দুটি নির্দিষ্ট প্রশ্ন করি।
তিনি আরও বলেন, প্রথমত, বিলবোর্ডে অপচনশীল দ্রব্য ব্যবহারের কোনো বাধ্যবাধকতা আছে কি না। দ্বিতীয়ত, বিলবোর্ডে নির্দিষ্ট রঙ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা আছে কি না। এর জবাবে জেলা প্রশাসক মহোদয় আমাকে ২২ জানুয়ারিতেই লিখিতভাবে জানান যে বিলবোর্ডের ক্ষেত্রে শুধুমাত্র সাইজ ও সংখ্যা এই দুটি শর্ত মানলেই যথেষ্ট, অন্য কোনো শর্ত প্রযোজ্য নয়।
তবে সিলেট-১ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা সাঈদা পারভীন কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের এমন মন্তব্যকে ভুল দাবি করে বলেন, আমরা দেখতেছি পাচ্ছি সিলেটের প্রার্থীরা প্রচারণায় আচরণবিধি লঙ্গন করেছেন, তবে কাস্তে প্রতীকে সুমন যিনি রঙিন বিলবোর্ড লাগিয়েছেন সেটিতে আমরা দেখতে পেয়েছি উনি অপচনশীল বা পিবিসি দিয়ে বিলবোর্ড লাগিয়েছেন যা বিধির পরিপন্থী। আমরা তাকে সর্তক করব হয় তিনি এসব বিলবোর্ড খুলবেন অথবা আমরাই এটি খুলে ফেলব।
তিনি আরও বলেন, উনি ছাড়াও বেশ কয়েকজন প্রার্থী অপচনশীল দ্রব্যাদি ব্যবহার করে ব্যানার পোস্টার লাগিয়েছেন তাদের সবাইকে আমরা সর্তক করব।
এইচ বি বা