ছবি: ।
প্রায় চার দশক পর আদালতের রায়ের ভিত্তিতে সিলেট নগরীর রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বুলডোজার ব্যবহার করে জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখলে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ায় আদালতের শরণাপন্ন হন। মামলার শুনানি শেষে আদালত জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেন। ওই রায়ের আলোকে প্রশাসনের সহায়তায় বেদখল অংশ উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
উচ্ছেদ অভিযানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. পারভেজ, সহকারী কমিশনার (জুডিসিয়াল) মুন্সিখানা শাখা ও সীমান্ত শাখা জানান, আদালতের রায় এবং প্রামাণ্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে যে জমিটি রাধা-মাধব মন্দিরের মালিকানাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এদিকে মন্দিরের সিনিয়র প্রতিনিধি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিনের আইনি লড়াই শেষে আদালতের রায়ের মাধ্যমে মন্দিরের জমি ফিরে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ কাজে সহযোগিতা করায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।’
শুভ প্রতিদিন/এমকে