প্রকাশিত

০৩/০২/২০২৬ ০১:৩৫:৩৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট-৪ আসনে আরিফুল ও জয়নালের হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০১:৩৫:৩৭ অপরাহ্ন

ছবি: ।

সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ সংসদীয় আসনটি প্রাকৃতিক সম্পদ ও পর্যটন স্পটের জন্য সারাদেশে পরিচিত। পাথর কোয়ারি, পাথর কাণ্ড, সীমান্ত ইস্যুসহ নানা কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই আসনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও ভোটের মাঠ বেশ উত্তপ্ত। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটাররা বলছেন, শেষ পর্যন্ত মূল লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত প্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের মধ্যে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে এবং মো. জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। দুজনেই সাবেক জনপ্রতিনিধি হওয়ায় ভোটের মাঠে আলাদা এক আমেজ বিরাজ করছে। প্রতিদিনই তারা এই আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পর্যটন শিল্প বিকাশ এবং পাথর কোয়ারি সংশ্লিষ্ট নানা ইস্যু গুরুত্ব পাচ্ছে। ভোটাররা জানান, জৈন্তাপুর উপজেলায় মো. জয়নাল আবেদীনের জনপ্রিয়তা তুলনামূলকভাবে কিছুটা বেশি। অন্যদিকে গোয়াইনঘাট উপজেলায় আরিফুল হক চৌধুরীর জয় সম্ভাবনা বেশি বলে মনে করছেন স্থানীয়রা। ফলে এই দুই উপজেলার হিসাব মিলিয়ে দেখলে কোম্পানীগঞ্জ উপজেলা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছেন, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে যে প্রার্থী এগিয়ে আসতে পারবেন, তিনিই শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হবেন। নির্বাচনের শুরুতে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে অনেকে আপত্তি তুলেছিলেন। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই সেই মান-অভিমান ভুলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে নেমেছেন বলে জানা যায়। দলীয় ঐক্য ও সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে তিনি নিজের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছেন। এদিকে ভোটারদের কাছে সমর্থন আদায়ে প্রার্থীরাও নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন। দলের পক্ষ থেকে নেতাকর্মীরাও নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সারাদিন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও জনসভা করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদীন। একই সময়ে আরিফুল হক চৌধুরীও বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভা করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া এ আসনের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরিফুল হক চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম। জোটগত সমঝোতার কারণে খেলাফত মজলিসের আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টির মো. রাশেল উল আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


শুভ প্রতিদিন/এমকে