কর্মসংস্থানে জোর বিএনপি মুক্তাদিরের ইশতেহার ঘোষনা
কর্মসংস্থানে জোর বিএনপি মুক্তাদিরের ইশতেহার ঘোষনা
প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৭:০০:১০ অপরাহ্ন
ছবি: ।
দক্ষ তরুণ জনশক্তি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বুধবার বিকেল ৩টায় নগরীর কাজিটুলা উঁচাসড়কস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক নগরায়ন ও টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে ‘আকাক্সক্ষার সিলেট’ গড়ার ঘোষণা দিয়েছেন ।
খন্দকার আবদুল মুক্তাদির তার ঘোষণাপত্রে ১১টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছেন। এর মাধ্যমে তিনি কর্মসংস্থান, তরুণ ও নারী উদ্যোক্তা তৈরি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পর্যটন, যোগাযোগ, পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন।
খন্দকার মুক্তাদির জানান, তিনি নির্বাচিত হলে দেশ ও প্রবাসের বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘আকাক্সক্ষার সিলেট’ নামে একটি উচ্চপর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটি সিলেট অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইশতেহারে প্রথম অগ্রাধিকার হিসেবে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। শ্রমঘন শিল্প স্থাপন, আইটি ও ইনোভেশন হাব গড়ে তোলা, ফ্রিল্যান্সারদের জন্য সরকারি কো-ওয়ার্কিং স্পেস এবং ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ ছাড়া এসএমই ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, সহজ ঋণ, ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড’ গঠনের ঘোষণাও দেওয়া হয়।
সেচ ও পানি নিষ্কাশ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করে অতিরিক্ত ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ছিল ইশতেহারে। নারীদের কল্যানে নিরাপদ পাবলিক টয়লেট, ডে-কেয়ার সেন্টার, আত্মরক্ষা প্রশিক্ষণ, গণপরিবহন এবং উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা ইশতেহারে উল্লেখ করা হয়।
নাগরিক দুর্ভোগ লাঘব তথা জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, নগরজুড়ে বৃক্ষরোপণ, খেলার মাঠ ও ইনডোর স্পোর্টস সুবিধা স্থাপন এবং নাগরিক সেবা সহজীকরণের ঘোষণা দেওয়া হয়। যোগাযোগ খাতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়ন, আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন এবং মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের কথাও উল্লেখ করেন তিনি।
সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া দমনে বিশেষ টাস্কফোর্স গঠন এবং বিপথগামী তরুণদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে জানান মুক্তাদির।
sa/shu