পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৯:৩২:২২ অপরাহ্ন
ছবি: ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পেনহিল লজিস্টিকের পৃষ্ঠপোষকতায় ইবনেসিনা হাসপাতাল সিলেট লি. ও ‘মাহা’-এর কো-স্পন্সরশিপে এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় সিলেটের স্বনামধন্য ১০টি ক্লাবের অংশগ্রহণে ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাইনাল ম্যাচে জিমখানা ক্লাব ২৬১ রানের বিশাল ব্যবধানে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ফলে জিমখানা ক্লাব এবারের লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সারওয়ার আলম। এ সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামসহ প্রতিটি মাঠকে ক্রীড়াচর্চায় মুখর রাখার আহ্বান জানান এবং তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ শরীর ও মন গঠনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য রাহাত শামস্ এবং লিগের স্পন্সর পেনহিল লজিস্টিকের প্রতিনিধি সাদত হুসেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম। স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি এবং সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক কবির আহমদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. মোকাম্মেল হক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জামান চৌধুরী অনি, সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মকবুল হায়দার রিজভীসহ ক্রীড়া সংগঠক, আম্পায়ার, স্কোরার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণীতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিমখানা ক্লাবের তৌফিক খান তুষার (৯৭ বলে ২০৭ রান)। প্লেয়ার অব দ্য লিগ হন বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের অলক কাপালি (৪৪৮ রান ও ১৬ উইকেট)। বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন ইরফান ও তুষার। বেস্ট বোলার নির্বাচিত হন ইয়ুথ সেন্টার ক্লাবের রাতুল (৮ ম্যাচে ৬৬-০৭-২১২-২৩) এবং অনির্বাণ ক্রীড়া চক্রের কামিল (৮ ম্যাচে ৭৪.১-১৪-২১৮-২৩)। বেস্ট উইকেটকিপারের পুরস্কার পান বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের মাহী।
শুভ প্রতিদিন/এমকে