প্রকাশিত

০৯/০২/২০২৬ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের ২ হাজার ৯৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১ হাজার ২৪০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন

ছবি: ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে ২ হাজার ৯৩৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৪০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের প্রায় ৪১ দশমিক ৫১ শতাংশ। পূর্বের ভোটের ইতিহাস, ভোটার সংখ্যা, কেন্দ্রের অবস্থান ও দূরত্ব বিবেচনায় এ তালিকা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরুতে কেন্দ্রগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ-এই তিন ভাগে ভাগ করা হলেও পরে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ একসঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ভোটারদের মধ্যে শঙ্কা পুরোপুরি কাটছে না। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে, নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে-এসব নিয়ে এখনো শঙ্কা রয়েছে। তবে প্রশাসন বলছে, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর এলাকার ৬টি থানার আওতায় রয়েছে ২৯৪টি ভোটকেন্দ্র। এর মধ্যে ১৩৪টি গুরুত্বপূর্ণ ও ৯৫টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ মহানগর এলাকার প্রায় ৭৭ দশমিক ৮৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বাকি কেন্দ্রগুলো জেলা পুলিশের অধীনে। এর বাইরে বিভাগের অন্যান্য জেলাগুলোর ভোটকেন্দ্র সংশ্লিষ্ট জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকবে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ৭৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি গুরুত্বপূর্ণ। হবিগঞ্জে ৬৪৭টি কেন্দ্রের মধ্যে ২৩২টি গুরুত্বপূর্ণ ও ১০৩টি অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ জেলার অর্ধেকের বেশি, প্রায় ৫১ দশমিক ৭ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। মৌলভীবাজারে ৫৫৪টি কেন্দ্রের মধ্যে ১৪৩টি গুরুত্বপূর্ণ ও ১৪৩টি অতি গুরুত্বপূর্ণ, এখানে প্রায় ৪০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুনামগঞ্জে ৭২০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮৭টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, এখানেও প্রায় ৪০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বিভাগের ১৯টি সংসদীয় আসনের ২ হাজার ৯৩৭টি ভোটকেন্দ্রের মোট ১৬ হাজার ৮৮০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট জেলার ৬টি আসনে ১ হাজার ১৬টি ভোটকেন্দ্র, মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪টি, সুনামগঞ্জের ৫টি আসনে ৭২০টি এবং হবিগঞ্জে ৬৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। মহানগর ও জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বডি-অন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। ভোটারদের কোনো ধরনের শঙ্কার কারণ নেই, যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে