প্রকাশিত

১২/০২/২০২৬ ০২:২৩:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে কোথাও লম্বা লাইন, ভোটারের দেখা নেই কোথাও

সিলেটে কোথাও লম্বা লাইন, ভোটারের দেখা নেই কোথাও

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০২:২৩:১০ অপরাহ্ন

ছবি: ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সিলেটে ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারের ভিড় দেখা গেছে। আবার কোথাও দেখা মিলছে না ভোটারদের। তবে ভোটগ্রহণ কর্মকর্তারা জানিয়েছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।



আমাদের নিজস্ব প্রতিবেদক ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা গেছে- কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি। আবার কোন কোন কেন্দ্রে ভোটারদের দেখা মিলছে না। ভোট শুরুর চার ঘন্টা পার হলেও আশানুরূপ ভোট পড়েনি।



সিলেট নগরীর অধিকাংশ কেন্দ্রে ভোট শুরুর পরপরই ভোটারদের উপস্থিতির খবর পাওয়া যায়। সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়।



বেলা সাড়ে এগারোটায় সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (সিলেট-১ আসনের আওতাধীন) ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।



অন্যদিকে সিলেট-২ আসনের আওতাধীন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২১৮৫। সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৮ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুহেল আহমদ।



সবমিলিয়ে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়লেও অধিকাংশ কেন্দ্রে এখনো আশানুরূপ উপস্থিতি দেখা যায়নি। তবে কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম।



পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ভোটার উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করে বলেন, বেলা বাড়ার সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত সামগ্রিক পরিবেশ ভালো রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।



সিলেট জেলার ৬টি আসনে এবার ৩৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ ভোটার।



নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। নির্বাচনি আসনের হিসাব অনুযায়ী সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন, সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন, সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন, সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩, সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন এবং সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন।



নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতোমধ্যে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে প্রযুক্তিগত নিরাপত্তার দিক থেকেও এবারের নির্বাচন শীর্ষে। ভোটের নিরাপত্তায় এবার মাঠে থাকছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যের টিম। নির্বাচনি অপরাধ সশরীরে আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য মাঠে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।



এইচ বি বা