পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : জামায়াত আমির
পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : জামায়াত আমির
প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:১৪:৫৪ অপরাহ্ন
ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ণাজ্ঞ ফল প্রকাশের আগ পর্যন্ত নেতকার্মীদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। এর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াত আমির বলেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’ এর আগের এক পোস্টে তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের অনুরোধ করব, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরো তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে। আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি।
এইচ বি বা