প্রকাশিত

০৩/১১/২০২৬ ০৯:০৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৯:০৭:০০ অপরাহ্ন

কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভীর আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুলাউড়া- বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তানভীর আহমদ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তানভীর। পথে উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পরই তারা তানভীরের দুর্ঘটনার খবর পান। পরে তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেএন