গণঅভ্যুত্থান পরবর্তীতে অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে: সিলেটে নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান পরবর্তীতে অনেক ভুল সিদ্ধান্ত হয়েছে: সিলেটে নাহিদ ইসলাম
প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০২:৫৭:৩০ অপরাহ্ন
ছবি: ।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কিনা এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। এবার ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চাই।’’ বুধবার সিলেট নগরীর কাজিটুলা এলাকায় হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রসঙ্গে সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ ব্যাংক, দুদকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন, সংসদে এ বিষয়ে কথা বলা হবে।” তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে দল থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।” অনুষ্ঠানের এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন।
এইচ বি বা