জুলাই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন মাসুদ সাঈদী
জুলাই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন মাসুদ সাঈদী
প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০২:২২:১৯ অপরাহ্ন
ছবি: ।
পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হলো জুলাই সনদ। আমরা দেখেছি জামায়াতে ইসলামীসহ অধিকাংশ দল এতে সমর্থন দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিবস পার হতে চললেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি। তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। আমি আশা করি, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। স্পিকারের অনুমতিতে নির্ধারিত ৮ মিনিটের বক্তব্যে তিনি জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ইমোশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে মাসুদ সাঈদী বলেন, জুলাই আবেগ হিসেবে দেখে খাটো করার সুযোগ নেই। জুলাই আইনও না, অধ্যাদেশও না স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কথার জবাবে বিরোধী দলের এ এমপি বলেন, সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী সব অধ্যাদেশই আইন। সুতরাং এই মন্তব্য দায়িত্বশীল মন্তব্য হয়নি। শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে মাসুদ সাঈদী বলেন, দেশে ইনসাফ কায়েম করতে হলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই ৫২ হাজার কোটি টাকা পর্যন্ত লুটপাট হয়েছে বলে টিআইবি’র প্রতিবেদনে উঠে এসেছে। তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।
এইচ বি বা