গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সঙ্কট নিরসনের দাবি এমরানের
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সঙ্কট নিরসনের দাবি এমরানের সংসদের প্রথম বক্তব্যে
প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০২:৫৬:৩৪ অপরাহ্ন
ছবি: ।
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রবিবার (২৯ মার্চ) প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। রবিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনি এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। পরে এমরান আহমদ চৌধুরী বলেন- আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রটির উদ্বোধন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে আপসহীন দেশনেত্রী- তৎক্ষালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে- এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে। কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ও আদর্শিক নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি। উল্লেখ্য, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা ছিলো অন্যতম। প্রয়োজনে তিনি আন্দোলন করে হলেও জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আদায় করবেন বলে নির্বাচনি বিভিন্ন বক্তব্যে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এমপি এমরান আহমদ চৌধুরী জাতীয় সংসদের প্রথম বক্তব্যে অন্য কোনো প্রসঙ্গ না টেনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে তিনি সংসদ পরিচালক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এইচ বি বা