মানব পাচার কারীর নামে মামলা
দিরাইয়ে চার মানব পাচার কারীর নামে মামলা
প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৩:৩৮:৪৮ অপরাহ্ন
ছবি: ।
লিবিয়া থেকে সাগর পথে গ্রিসে যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে ১২ জনের প্রাণ হারানোর ঘটনায় সোমবার রাতে চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন অভিভাসন প্রত্যাশায় নিহত দিরাইয়ের জগদলের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সোমবার রাতে মামলা হয়েছে। কিন্তু অভিযানের স্বার্থে আসামিদের নাম উল্লেখ করা যাচ্ছে না। গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার পথে সাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে। যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ছয়জন, দোয়ারাবাজারের একজন ও জগন্নাথপুরের পাঁচজন। নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।
এইচ বি বা