ছবি: ।
রেকর্ড গড়ার হাতছানি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। কিন্তু হলো না, শ্রীলংকার বিপক্ষে ১৬১ রান তাড়ায় ২৫ রানে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে মেঘলা আবহাওয়া আর ঠান্ডা বাতাসের মধ্যেই অনুষ্ঠিত হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। এদিন টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৩৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন হর্ষিতা সামারাবিক্রমা। এছাড়া ৪০ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন ইমেশা দুলানি। ৩০ বলে ৩২ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। জয় পেতে হলে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। রেকর্ড ভাঙার ম্যাচে ৭ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন স্বর্ণা আক্তার। তার ইনিংসটি ৪৫ বলে ৪টি চার আর দুটি ছক্কায় সাজানো। এছাড়া ১৪ বলে ২৩ রান করেন ওপেনার দিলারা আক্তার। টি-টোয়েন্টিতে ২০২৩ সালের ৯ মে শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৪৬ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ। তিন বছর পর সেই শ্রীলংকার বিপক্ষে নিজেদের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করল বাংলাদেশ।
এইচ বি বা