প্রকাশিত

২৮/০৪/২০২৬ ১০:৪০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে পৃথক সংঘর্ষে রণক্ষেত্র ২ গ্রাম, আহত ৪০

দিরাইয়ে পৃথক সংঘর্ষে রণক্ষেত্র ২ গ্রাম, আহত ৪০

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ১০:৪০:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুটি গ্রামে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে উপজেলার জগদল ও নোয়াগাঁও গ্রামে দফায় দফায় চলা এসব সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও স্থানীয় সালিশে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে সরকারি রাস্তা (গুপাট) দিয়ে হাওরের ধান আনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রতিন্দ্র তালুকদারের লোকজন ধান নিয়ে আসার সময় বিজয় তালুকদারের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। হামলায় রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

অপর দিকে উপজেলার জগদল গ্রামে বাড়ির হাঁস-মুরগি অন্যের আঙিনায় যাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। বেলা ২টার দিকে গ্রামের আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পৃথক দুটি গ্রামের সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এইচ বি বা