প্রকাশিত

২৯/০৪/২০২৬ ০৪:২২:১৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৪:২২:১৮ অপরাহ্ন

ছবি: ।

প্রধানমন্ত্রী তারেক রহমান টানা বর্ষণে হাওরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


সংসদে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ হাওরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।


বুধবার সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিস নিয়ে আলোচনার সময় এ প্রসঙ্গ ওঠে।


এলজিআরডি মন্ত্রীর কাছে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার উপজেলা সড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি সেতু নির্মাণের বিষয়ে সম্পূরক প্রশ্ন করার আগে কলিম উদ্দিন হাওরের পরিস্থিতি তোলে ধরে বলেন, “প্রবল বর্ষণে সুনামগঞ্জসহ সকল হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে ধান কাটার জন্য।”


এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, “কৃষকদের বিষয়টি খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত তিনদিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে, এই তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল, আবার সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে যেন তারা প্রিকশন নেয়, কী কী করা যায়।”


সরকারের তরফ থেকে কৃষকদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকে সকালে এই সেশন শুরু হওয়ার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে, যে সকল এই তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে, প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী তিন মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।”


এর আগে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার সড়কে নোয়াগাঁও ও পানাইলডর এলাকার দুটি সেতু বন্যায় বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সংসদে তোলেন কলিম উদ্দিন আহমদ।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুনামগঞ্জের বিভিন্ন সেতু আগাম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি নেমে গেলে দ্রুত কাজ শুরু করা হবে।


তিনি বলেন, সকালেই তিনি এলজিডির প্রধান প্রকৌশলী ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।


মির্জা ফখরুল বলেন, সুনামগঞ্জ ছাতক হয়ে দোয়ারাবাজার সড়কের ৯৫৫ মিটার চেইনে ৯৫ মিটার একটি সেতুর কাজ শুরু হলেও আগাম বন্যায় সেতু এলাকা তলিয়ে যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অসমাপ্ত অংশ শেষ করা যায়নি।


তবে অন্য প্রকল্পে সেটি অন্তর্ভুক্ত করে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


একই সড়কের ৩৮০০ মিটার চেইনে ৮১ মিটার আরেকটি সেতুর কাজও চলমান আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সেখানে এখন অতিরিক্ত পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। পানি নেমে গেলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।


এইচ বি বা