প্রকাশিত

২৯/০৪/২০২৬ ০৪:৩৪:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

খলায় ধান, আকাশে মেঘ, কৃষকের নির্ঘুম রাত

খলায় ধান, আকাশে মেঘ, কৃষকের নির্ঘুম রাত

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৪:৩৪:৫৯ অপরাহ্ন

ছবি: ।

হাওরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন বোরো ধান কাটার শেষ সময়। কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি ফসল। ঠিক এই সময়েই আকাশজুড়ে জমেছে কালো মেঘ। ঝরছে অবিরাম বৃষ্টি। এমন অবস্থায় নির্ঘুম রাত কাটছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃষকদের।


শাল্লার হাওর ঘুরে দেখা গেছে, মাঠে কাটা ধান শুকাতে দেওয়া হয়েছে খলায়। অনেক কৃষক পরিবারসহ মাঠেই অবস্থান করছেন। দিনে ধান কাটছেন, রাতে পাহারা দিচ্ছেন খলায় রাখা ধান। আবার অনেক জায়গায় এখনও ধান কাটা এখনো শেষ হয়নি। এমতাবস্থায় শ্রমিক সংকট, যন্ত্রের অভাব ও আবহাওয়ার অনিশ্চয়তার কারণে কৃষকের দুশ্চিন্তা বেড়েছে কয়েকগুণ।


এর ব্যাতিক্রম নয় শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওরের আছানপুর গ্রামের কৃষকরা। এ ব্যাপারে কৃষক জন্টু চন্দ্র দাস কপালেও দুঃচিন্তার ভাঁজ নিয়ে বলেন, আমরার অবস্থা খুব খারাপ। ইকানের (এখানে) হাওরে পার্শ্ববর্তী আছানপুরের বেড়িবাঁধে কালভার্ট (স্লুইসগেট) না থাকায় বুক পানিতে ক্ষেত (জমি) কাটতে অইছে (হয়েছে)। ৮'কের জমি করছি, ৪'কের ওই তলে (তলিয়ে) গেছেগা (গেছে)। ইকান যদি কালভার্ট না দেয় তাহলে অবস্থা হারাজীবন (সারাজীবন) ওই বেতালা (খারাপ) থাকবো। যেটুকুই কাটছি রইদ (রোদ) না থাকায় খুব বিপদেই পড়ছি। মাঠে রাখছিলাম। গতরাতের বৃষ্টির পানিতে মাড়াই করা ধানও তলে গেছেগা। এখন ধানের চিন্তায় রাইতে ঘুম ওয় না। বউ-বাচ্চা নিয়ে খুব চিন্তায় আছি। কৃষি কাজ করে সারা বছর খাই। পোলা-মাইয়ার পড়ালেখার খরচাপাতিও এই ফসল থেকেই দিতে হয়।


খলায় রাখা ধান তলিয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে


বর্ষা মাসে আমরা ইকান আর কোন কাম (কাজ) না থাকায় এই একটা ফসলের আয় দিয়েই সারাবছর চলতে হয়। এরমধ্যে ৪'কের জমি তলাইয়া গেছে। যেটুকু কাটছি এই গানগুলোও মাঠে রাখছিলাম, কিন্তু রাতের অতি ভারী বৃষ্টিতে মাড়াই করা ধানগুলোও তলাইয়া গেছে। এখন বাঁচার কোন উপায় নাই। খুব হতাশার মধ্যে আছি ওকন (এখন) সরকার আমাদেরকে সহযোগিতা না করলে অবস্থা খুবই বেতালা।


এদিকে কালবৈশাখীর অতি ভারী বর্ষনে কৃষক জন্টু চন্দ্র দাসের মতো উপজেলার ছয়টি হাওরের অধিকাংশ কৃষকেরই এখন একই করুণ দশা। টানা পাঁচদিন ধরে অতি ভারী বর্ষণে হাওর পাড়ের কৃষকেরা চরম দুর্দশা ও দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতায় হাওরের ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি ধান শুকানোর খলা, মাঠঘাট সর্বত্রেই এখন পানিতে আগাম বন্যার আকার ধারণ করছে। এদিকে আগামী ৩ মে পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় কৃষকেরা চরম উৎকণ্ঠা ও আতঙ্কেই দিন পার করছে।



উপজেলার বড় মোট ছয়টি হাওরেই কৃষকদের এখন একই দশা। অতি বৃষ্টির পানিতে অনেক উঁচু জমিও তলিয়ে গেছে। জমিতে পানি থাকায় চলছে না হারভেস্টার মেশিন। জ্বালানি সংকট থাকায় অনেক হারভেস্টার/ধান কাটার মেশিন হাওরে পড়ে থাকতেও দেখা গেছে। শ্রমিক সংকটও এখন কৃষকদের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ধানের দামও কম। শ্রমিকদের টাকা দিতে ৬৫০' টাকা ধরে কাঁচা ধন বিক্রি করতে হচ্ছে। টানা বৃষ্টি থাকায় অনেকে ধানও বিক্রি করতে পারছে না,ধান পাইকারদের মধ্যে রয়েছে সিন্ডিকেটও। সবমিলিয়ে খুব হতাশার মধ্যে রাতদিন পার করতে দেখা গেছে স্থানীয় কৃষকদের।



ওদিকে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদেরও প্রতিদিন হাওরে কৃষকদের কাছে যেতে দেখা গেছে। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের তরফ থেকে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাটার নির্দেশনাও দেওয়া হয়েছে।



বৃষ্টিপাত অব্যাহত থাকলেও হাওর রক্ষা বাঁধের পরিস্থিতি সবকিছু ঠিকঠাক রয়েছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের শাল্লার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো: ওবাইদুল হক। তিনি বলেন, কৃষকদের সতর্ক করতে প্রতিটি হাওরে মাইকিং করা হয়েছে। সঙ্গে ৮০ ভাগ ধান পরিপক্ব হলেই দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বলে দেওয়া হয়েছে।



ধান কাটার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের উদ্যোগে বিভিন্ন গ্রামে গ্রামে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে। সার্বিক বিষয়ে কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, শাল্লা উপজেলায় এ বছর মোট ২১,৭০০ হে. জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। আজ পর্যন্ত হাওরে ৬৪% ও নন হাওরে ৩৩% ধান কর্তন হয়ে গেছে। আবহাওয়া ভাল থাকলে মে মাসের ০৭ তারিখের মধ্যে সকল ধান কর্তন শেষ হবে। একই সাথে কৃষক ভাইদের বলবো, ৮০ ভাগ ধান পেকে গেলে অপেক্ষা না করে দ্রুত কর্তন করার জন্য। বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শোনা গেলে কৃষকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিশে তিনি বলেন, শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি।



কাবিটা স্কিম প্রণয়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা প্রতিদিনই কৃষকদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেভাবেই আমরা চিন্তাধারা করছি। হাওরের বাঁধে বা কোথাও কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর কথা বলেন তিনি।



এইচ বি বা