প্রকাশিত

০৩/০৫/২০২৬ ০৩:২৫:০২ অপরাহ্ন

ফিচার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, বাংলাদেশে সাংবাদিকেরা পাচ্ছেন না ন্যায়বিচার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, বাংলাদেশে সাংবাদিকেরা পাচ্ছেন না ন্যায়বিচার

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৩:২৫:০২ অপরাহ্ন

ছবি: ।

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে পালিত হয় দিবসটি।


এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়া’, যা শান্তিরক্ষা ও টেকসই উন্নয়নে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে।


রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর তথ্য অনুযায়ী, বিশ্বের অর্ধেকের বেশি দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে রয়েছে। এ বছর বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।


২০২৬ সালের সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছরের তুলনায় ৩ ধাপ অবনতি হয়েছে। গত বছর ছিল ১৪৯তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে পাকিস্তান। আর ভারতের অবস্থান ১৫৭তম। পাঁচ ধাপ এগিয়ে শ্রীলঙ্কার অবস্থান ১৩৪তম এবং তিন ধাপ এগিয়ে নেপালের অবস্থান ৮৭তম। যুক্তরাষ্ট্রে গত এক দশকে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে, বর্তমানে তাদের অবস্থান ৬৪তম।


প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতি, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং আইনি বাধার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার, মামলা এবং অনুসন্ধানী রিপোর্টিংয়ে বাধা, এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে আরএসএফ-এর প্রতিবেদনে বাংলাদেশের কারান্তরীণ সাংবাদিকদের মুক্তি চাওয়া হয়েছে।


মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)। এছাড়া সম্পাদক পরিষদ এবং দেশের ৬৩ জন বিশিষ্ট নাগরিক সাংবাদিকদের নির্বিচারে আটক ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত এবং ২০২৫ সালে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ প্রায় শতাধিক সাংবাদিক হত্যা-চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩২ জন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের কারণে অনেক ক্ষেত্রে আদালত থেকে জামিন পেলেও তাদের কারামুক্তি দীর্ঘায়িত হচ্ছে।


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস অর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ বলেন, “আইনি বাধা, বর্তমান সিস্টেম এবং পেশাগত ব্যর্থতার কারণে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি মিলছে না।”


নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় পাঁচ শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় অর্ধশত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হারিয়েছেন। এছাড়া প্রায় এক হাজার ২০০ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং ১৬৮ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রেস ক্লাবের সাত শতাধিক সাংবাদিকের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির অভিযোগও উঠেছে।


ফ্রন্টের সদস্য সচিব শেখ জামাল জানান, মিথ্যা মামলায় যেসব সাংবাদিকরা কারাগারে আছেন তারা কেউই ভালো নেই। তারা ভীষণ অসুস্থ। তিনি অভিযোগ করেন, “কারাগারে তাদের জন্য উপযুক্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা নেই। কেমিকেল মিশ্রিত খাবার দেওয়া হয়। যারা কারাগার থেকে বের হচ্ছেন তাদের ব্লাড, ইউরিন, কিডনি, লিভারে সমস্যা দেখা দিচ্ছে। আমি নিজেও মিথ্যা মামলায় কারাবরণ করে এই ধরনের রোগের সম্মুখীন হয়েছি। যারা কারাগারে যায় তারা অসুস্থ হয়ে ফিরে আসছে।”


স্বাধীন সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে-সাংবাদিকের ওপর শারীরিক ও ডিজিটাল হুমকি, ভুয়া তথ্যের বিস্তার এবং সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। এ বছর দিবসটির প্রধান বৈশ্বিক সম্মেলন ৪ ও ৫ মে জাম্বিয়ার লুসাকায় অনুষ্ঠিত হবে।


ইউনেস্কোর সুপারিশে ১৯৯৩ সালে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে দিনটি সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আসছে। দিবসটি উপলক্ষে ঢাকায় বিভিন্ন সংস্থা ও দূতাবাস নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।




এইচ বি বা