প্রকাশিত

০৪/০৫/২০২৬ ০৭:৫৬:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাই-শাল্লার উন্নয়নে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন: এমপি নাছির চৌধুরী

দিরাই-শাল্লার উন্নয়নে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন: এমপি নাছির চৌধুরী

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৭:৫৬:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেছেন, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় হাওরবাসীর জানমাল ও একমাত্র বোরো ফসলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া অত্যন্ত কঠিন। আমি ঢাকা থেকে সরাসরি আপনাদের কাছে ছুটে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে। প্রধানমন্ত্রী আগামী তিন মাস হাওরবাসীকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবেন। তিনি দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন।


গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মো. নাছির চৌধুরী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি ৯৬ সালেও এমপি হয়েছিলাম, কিন্তু বিরোধী দলে থাকায় সে সময় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। এবার আমাদের দল সরকার গঠন করেছে, জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি ইতিমধ্যে মহান সংসদে দিরাই-শাল্লার ভঙ্গুর যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরেছি।


​তিনি আরও বলেন, দিরাই-শ্যামারচর ও দিরাই-রজনীগঞ্জ রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সকল ওয়াদা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, আমি জনগণের সেবক, আপনারাও জনগণের সেবক। সুতরাং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করুন। উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দপ্তরের চাহিদা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধান করা হবে। আমরা সবাই মিলে দিরাই-শাল্লাকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তরিত করতে চাই।


​উপজেলা প্রশাসনের এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হুসেন, কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস প্রমুখ।


এইচ বি বা