রিয়ালে ফিরতে যে ১০ শর্ত দিলেন মরিনিও
রিয়ালে ফিরতে যে ১০ শর্ত দিলেন মরিনিও
প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৫:০১:০০ অপরাহ্ন
ছবি: ।
হোসে মরিনিও আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন বলে গুঞ্জন চলছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এই ক্লাবে নিজের দ্বিতীয় অধ্যায়ের আগে একগুচ্ছ কঠিন শর্ত দিয়েছেন পর্তুগিজ এই কোচ। ফুটবল জগতের অন্যতম আলোচিত এবং প্রশংসনীয় এই কোচের রিয়ালে ফেরা তাই সহজ হচ্ছে না। অন্যদিকে বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হচ্ছে দল। সব মিলিয়ে স্প্যানিশ জায়ান্টরা আছে বেশ বিপাকে। মৌসুম এখনো শেষ হয়নি। এর মধ্যেই দলজুড়ে অস্থিরতা, ড্রেসিংরুমে বিভাজন এবং কোচিং স্টাফের ওপর আস্থাহীনতা স্পষ্ট হয়ে উঠেছে দলের ভেতরের অশান্তি। এমন পরিস্থিতিতে আবারও মরিনিওকেই ‘সমাধান’ হিসেবে দেখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালকে তিনটি শিরোপা ঘরে এনে দিয়েছিলেন এই কোচ। বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনিওর সঙ্গে তার এজেন্ট জর্জে মেন্ডেসের মাধ্যমে রিয়ালের আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টস বাইবেলের প্রতিবেদন অনুযায়ী, রিয়ালে ফিরতে মরিনিও দিয়েছেন ১০টি শর্ত। চলুন সেগুলো জেনে নেওয়া যাক— কমপক্ষে দুই বছরের চুক্তি: স্বল্পমেয়াদি নয়, স্থায়ী পরিকল্পনা নিয়েই কাজ করতে চান মরিনিও। খেলোয়াড়দের প্রভাবমুক্ত কোচিং: কোনো ফুটবলারের চাপ বা মতামত তার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না—এ অবস্থানে অনড় মরিনিও। স্কোয়াড ও ড্রেসিংরুমে পূর্ণ নিয়ন্ত্রণ: দল নির্বাচন বা খেলোয়াড় ব্যবস্থাপনায় কোনো হস্তক্ষেপ মেনে নেবেন না তিনি। নিজের পছন্দের কোচিং স্টাফ: পুরো টেকনিক্যাল টিম সঙ্গে আনতে চান তিনি। যদিও আরবেলোয়া ক্লাবে থাকলে আপত্তি নেই। ফিটনেস কোচের বিদায়: বর্তমান ফিটনেস ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নন তিনি। তাই আন্তোনিও পিন্তুসকে সরানোর দাবি তুলেছেন তিনি। মেডিক্যাল বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ: বারবার চোট সমস্যায় ক্ষুব্ধ এই কোচ মেডিকেল বিভাগের ওপর সরাসরি নজরদারি চান। সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার পরিকল্পনা: বর্তমান স্কোয়াডের অন্তত সাতজনকে নিজের পরিকল্পনার বাইরে রেখেছেন তিনি, তবে তারা কারা এ বিষয়ে খোলাসা করেননি। মিডিয়ায় সীমিত ভূমিকা: নিজেকে শুধু কোচ হিসেবেই তুলে ধরতে চান তিনি। ক্লাবের মুখপাত্রের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার দাবি জানিয়েছেন। শুধুই পেরেজের সঙ্গে যোগাযোগ: ক্লাবের অন্য কর্মকর্তাদের নয়, সরাসরি সভাপতি পেরেজের সঙ্গেই কাজ করতে চান তিনি। বড় প্রাক-মৌসুম সফরে অনাগ্রহ: বাণিজ্যিক সফরের বদলে সীমিত ও নিয়ন্ত্রিত প্রস্তুতি ম্যাচ চান মরিনিও, যাতে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক চাপ কম থাকে।
এইচ বি বা