প্রকাশিত

০২/০৬/২০২৬ ০৬:১৮:২৬ অপরাহ্ন

দেশজুড়ে

যুবককে কুপিয়ে হত্যা

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৬:১৮:২৬ অপরাহ্ন

ছবি: ।

চাঁদপুরের হাইমচর উপজেলায় এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে।



মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত ওমর ফারুক (২২) হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক ছোট লক্ষ্মীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের দিকে ওই বাড়ির এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।


একপর্যায়ে ঝগড়া থামাতে এবং পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। এতে তারা দিশাহারা হয়ে পড়লে ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


স্থানীয়রা তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার পর হাইমচর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





এইচ বি বা