একসাথে ৬কোটি টাকা দিল সিসিক
বিউবোকে একসাথে ৬কোটি টাকা দিল সিসিক
প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৭:৩৮:১৩ অপরাহ্ন
ছবি: ।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছ থেকে ৬ কোটি ৬ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে বকেয়া বিলের চেক হস্তান্তর করেন। জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন নগরীর বিভিন্ন স্ট্রিট লাইটে ব্যবহৃত বিদ্যুতের বিল বাবদ এই অর্থ পরিশোধ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪-এর কর্মকর্তাদের হাতে মোট ৬ কোটি ৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ বিভাগের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, বিউবোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাহিদ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এবং বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর বিদ্যুৎ সেবার মান আরও উন্নত করা এবং নাগরিক সেবাকে গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
এইচ বি বা