ছবি: ।
বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মত ব্রাজিলের অনুশীলনে দেখা গেল দলের তারকা খেলোয়াড় নেইমারকে। ডান পায়ের মাংশপেশির ইনজুরির কারনে প্রায় এক মাস ধরে দলের বাইরে আছেন তিনি।
নিজেকে ফিট করে তুলতে দলের বাইরে থেকে এককভাবে অনুশীলন ও পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে গেছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার। যুক্তরাষ্ট্রে আসার আগে গত মঙ্গলবার সর্বশেষ আলাদা অনুশীলন করেছেন তিনি।
ইনজুরির কারনে ‘সি’ গ্রুপে গত রোববার মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কো ম্যাচে ডাগআউটে বসে খেলা দেখেন ও সতীর্থদের উজ্জীবিত করেন তিনি। গতকাল বুধবার নিউ জার্সিতে দলের সাথে যোগ দিয়ে রাফিনিয়া, ব্রুনো গুইমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনহোর সাথে কিছুক্ষণ ঘাম ঝড়িয়েছেন নেইমার। এক পর্যায়ে তাদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘তোমরা কি আমাকে মিস করেছো।?’
দলের সাথে কিছুক্ষণ থাকার প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আবারও আলাদাভাবে অনুশীলনে মনোযোগ দেন নেইমার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পায়ের গ্রেড-২ মাংশপেশির চোটে ভুগছেন নেইমার। সর্বশেষ এক সপ্তাহ আগে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
আগামী ২০ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।
sa