যুবদলের শোডাউন
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে টঙ্গীতে যুবদলের শোডাউন
প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৭:০৪:২২ অপরাহ্ন
ছবি: ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো প্রকার নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে টঙ্গী পশ্চিম থানা যুবদল। এরই অংশ হিসেবে সোমবার (২২ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দিয়ে মহড়া দেন, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। শোভাযাত্রা শেষে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। এই শোডাউন ও মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু। হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এইচ বি বা