ছবি: ।
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে মাছ সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে ৩ জনকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার হাওরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ। মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাওরে মাছ শিকার এবং কারেন্ট জাল ক্রয়-বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানে দুই জেলেকে ৫০০ টাকা করে এবং একজন কারেন্ট জাল ক্রেতাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারেন্ট জাল বিক্রির অপরাধে ঘাগটিয়া গ্রামের বিপ্লব শর্মা ও টুকদিরাই গ্রামের দীপক দাসকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১২ কেজি জীবন্ত মাছ পুনরায় হাওরে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, হাওরে মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে গত ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৩১ দিনের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কে ইউ এন