প্রকাশিত

০১/০৭/২০২৬ ০৫:০৯:৫৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

নগদ অর্থ বিতরণ

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৫:০৯:৫৮ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষককে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করে সরকার। সেই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষক পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা পাবেন।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় কিস্তির সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ হাতে পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।


কে ইউ এন