খেলা দেখা নিয়ে ঝগড়া
জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক গ্রেপ্তার
প্রকাশিত: ০২/০৭/২০২৬ ০২:৫৯:৩৫ অপরাহ্ন
ছবি: ।
বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে চিৎকার করা নিয়ে কথাকাটাকাটির জেরে সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক পারভেজ আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই ভাই একসঙ্গে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। খেলা চলাকালীন সময়ে চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ ও আলমের মধ্যে হঠাৎ তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক মাঠে নামে। গভীর রাতেই বিশেষ অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে ঘাতক পারভেজ আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আলামত (ছুরি) উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:"প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ দ্রুততম সময়ে ঘাতককে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
কে ইউ এন