বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা
প্রধানমন্ত্রীর নির্দেশেই সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু
প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৬:৪৬:৫৪ অপরাহ্ন
ছবি: ।
দীর্ঘ চার মাসেরও বেশি সময়ের বিরতির পর সিলেট-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট আবারও চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ইএ-২০৮ নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট আগেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ বিরতির পর প্রথমবার ফ্লাইট চালু হওয়ায় মন্ত্রীরা রীতিমতো আয়োজন করে যাত্রীদের বরণ করে নেন। এসময় সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের সরাসরি এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করে নেন।
জানাযায় হজ মৌসুমের কারণে ফ্লাইট সংকটের কথা বলে প্রায় চার মাস আগে এই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল সরকার। রুটটি বন্ধ হওয়ার পরপরই প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, এটি আদৌ আর চালু হবে কিনা তা নিয়ে। সিলেট প্রবাসী বাংলাদেশিরা, যাদের অধিকাংশই ম্যানচেস্টারসহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাস করেন, তারা দেশে ও প্রবাসে দুই জায়গাতেই দীর্ঘ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি জমা দেন। তাদের মূল দাবি ছিল একটাই সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হোক।
সরকারও হজ মৌসুম শেষ হলেই এই লাভজনক রুট পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।
এই দাবিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইট বন্ধ হওয়ার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং রুটটি পুনরায় চালুর জোরালো দাবি উত্থাপন করা হয়।
পরে জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক সমন্বয় বজায় রাখেন।
এই রুট বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন বয়স্ক প্রবাসীরা, যাদের ম্যানচেস্টার থেকে প্রথমে ঢাকায় গিয়ে তারপর সিলেটে আসতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সেই বাড়তি ঝক্কি ও ভোগান্তি থেকে মুক্তি পেলেন তারা।
sa