যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৩
জকিগঞ্জে পুলিশের অভিযান:
প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:৫৯:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের অপরাধ দমন, মাদক উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় এএসআই (নি:) এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স এবং র্যাবের যৌথ সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস আহমদকে গ্রেফতার করা হয়। আলমাস আহমদ জকিগঞ্জ থানার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ জিআর নং-৯১/১৪ এবং দায়রা নং-৩৯৬/১৬ এর অধীনে যাবজ্জীবন সাজার পরোয়ানা ছিল।
পৃথক অভিযানে জকিগঞ্জ থানার অপর একটি দল বিয়ানীবাজার বিবিধ নং-১৫৯/২০২৪ এর পরোয়ানাভুক্ত আসামি ওলিউর রহমান (৫৪)-কে গ্রেফতার করে। তিনি উপজেলার বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
এছাড়া, জকিগঞ্জ জিআর নং-২৩/১২ এবং জকিগঞ্জ জিআর নং-১৫৬/২৬ এর পরোয়ানাভুক্ত অপর আসামি আব্দুল বারী ওরফে পছাই (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাতারগ্রামের মৃত আব্দুর রহিম ওরফে মাখই-এর ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, জকিগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মাদক কারবারিদের চিহ্নিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
কে ইউ এন