প্রকাশিত

১২/১১/২০২৫ ০২:০০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোলাপগঞ্জে যুবদল নেতা রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ইমা গ্রেপ্তার

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০২:০০:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা জসিম উদ্দিন রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমা (২৭)–কে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-২, ঢাকার যৌথ অভিযানে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডের নবাব গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমা সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঢেউনগর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে গত ১০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার দিন রাত ১টার দিকে রনি মোটরসাইকেলে বসে মোবাইল ব্যবহার করছিলেন। সেই সময় আসামিরা ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গলা চেপে ধরা ও ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব–৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত ইমাকে গ্রেপ্তারের পর র‍্যাব তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপি’র বংশাল থানায় হস্তান্তর করেছে।

শুভ প্রতিদিন/এমকে