প্রকাশিত

০৯/০৭/২০২৬ ০২:৫২:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জকিগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলা

জকিগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলা: প্রধান আসামি সাজুর জামিন বাতিল, কারাগারে প্রেরণ ‎

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০২:৫২:০০ অপরাহ্ন

ছবি: ।

জকিগঞ্জ প্রতিনিধি:


‎সিলেটের জকিগঞ্জের বহুল আলোচিত রুবেল আহমদ (জুবেল) হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে আদালতের আদেশে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও নিহতের পরিবারকে হুমকি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগে আদালত তার জামিন বাতিল করে এই নির্দেশ দেন।

‎​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামি সাজুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎​আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে জকিগঞ্জে এক বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হন রুবেল আহমদ (জুবেল)। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন সাজু আহমদ।

‎​তবে কয়েক মাস আগে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভ করে কারামুক্ত হন তিনি। অভিযোগ ওঠে, জামিনে বের হওয়ার পর থেকেই সাজু এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি পুনরায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য নিহত রুবেল আহমদের পরিবারের সদস্যদের স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ভয়ভীতি, হুমকি ও হয়রানি করতে থাকেন।

‎​সাজু আহমদের এমন কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিহত রুবেলের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে বিষয়টি আমলে নেয় এবং প্রতিবেদন আদালতে প্রেরণ করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আদালতে শুনানির পর বিজ্ঞ বিচারক আসামি সাজু আহমদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

‎​জকিগঞ্জের সচেতন মহল ও এলাকাবাসী এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পাবে এবং এলাকায় অপরাধ প্রবণতা রোধে একটি ইতিবাচক বার্তা যাবে।


এইচ বি বা