প্রকাশিত

১২/১১/২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন

খেলাধুলা

ডাবল সেঞ্চুরির পথে জয়, সিলেট টেস্টে ৫২ রানে লিডে বাংলাদেশ

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি বাংলাদেশের। সকালে আয়ারল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ২ ওভার ২ বল। আগের দিনের ২৭০ রানের সঙ্গে ১৬ রান যোগ করে ২৮৬ রানে অলআউট হয় সফরকারীরা। এরপর ব্যাট হাতে তিন ব্যাটার—সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক— নিয়ে নেয়েন দিনের পুরো নিয়ন্ত্রণ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটি ছিল চোখ ধাঁধানো। সাদমান ও জয় মিলে গড়েন ১৬৮ রানের উদ্বোধনী জুটি। সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে আউট হয়ে ফেরেন সাদমান ইসলাম। ক্যারিয়ারে একাধিকবার সেঞ্চুরি মিস করা এই বাঁ-হাতি ব্যাটার এবারও ব্যর্থ হলেন সেই মাইলফলক ছুঁতে। ১০৪ বলে নয়টি চার ও এক ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন তিনি— এবারই তার সবচেয়ে দ্রুত ফিফটির ইনিংস যেখানে স্ট্রাইক রেট ৭৬.৯২।
অন্যপ্রান্তে মাহমুদুল হাসান জয় খেলেছেন তার জীবনের সেরা ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ১৩৮ রান, সেটিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার তিনি তা ছাড়িয়ে গেছেন দুর্দান্ত আত্মবিশ্বাসে। ২৩৮ বল খেলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৬৯ রানে অপরাজিত রয়েছেন জয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
দ্বিতীয় উইকেটে তার সঙ্গী মুমিনুল হকও ছিলেন অনবদ্য ছন্দে। দিনের শেষ সেশনে সেঞ্চুরির দেখা পান জয়, কিছুক্ষণ পর ফিফটি পূর্ণ করেন মুমিনুল। এরপর হাত খুলে খেলেছেন দুজনই। শেষ সেশনের ৩৫ ওভারে আসে ১৪০ রান! দিন শেষে বাংলাদেশ ১ উইকেটে ৩৩৮ রান, ৮৫ ওভার শেষে লিড ৫২ রানের। মুমিনুল অপরাজিত ৮০ রানে, ১৪তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায়।
দিনের শুরুতে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম সকালে দ্রুত উইকেট তুলে নেন। আইরিশদের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন পল স্টার্লিং (৬০), কেডে কারমাইকেল (৫৯), কার্টুস ক্যাম্পার (৪৪) ও লরকান টাকার (৪১)।
বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনাররা ভাগ করে নেন অধিকাংশ সাফল্য। মেহেদী হাসান মিরাজ ৩টি, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। পেসার হাসান মাহমুদ ২টি এবং নাহিদ রানা নেন ১ উইকেট।


শুভ প্রতিদিন/এমকে