ওসি শফিকুল ইসলাম প্রত্যাহার
টোল প্লাজা কান্ডে ওসি শফিকুল ইসলাম প্রত্যাহার
প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১০:৪০:২৬ অপরাহ্ন
ছবি: ।
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
রোববার (৫ জুলাই) দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রিন্টে ‘কোম্পানীগঞ্জ পুলিশ চেকপোস্ট, ওসি শফিকুলের টোল প্লাজা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে থাকা ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের উপর স্থাপিত পুলিশ চেকপোস্টে ঘুষ ও উপজেলায় ‘চাঁদাবাজির সাম্রাজ্য’ গড়ে তোলাসহ বিভিন্ন অপকর্মের কথা উঠে আসে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয়দের অভিযোগ, এটা নামে পুলিশ চেকপোস্ট হলেও বাস্তবে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানের একটি অঘোষিত ‘টোল প্লাজা’।
ইজারা বর্হিভূত স্থান থেকে লুটপাটের বালু ও পাথর পরিবহণে ব্যবহৃত লোডিং ট্রাকগুলো এখানে থামতে হয়। নিতে হয় ছাড়পত্র। অর্থের বিনিময়ে নিতে হয় বৈধতা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর থেকে এপ্রিল মাসে গড়ে দৈনিক ৪০০-৫০০ ট্রাক দিয়ে অবৈধ বালু ও পাথর পরিবহণ করা হয়েছে। এখন তা কমে গেছে, দৈনিক দুই শতাধিক ট্রাক যায়। কার কয়টা ট্রাক যায় তা চেকপোস্টে পুলিশ হিসেব রাখে। তারপর পুলিশের কাছে বিভিন্নভাবে ট্রাকপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়। মাঝেমধ্যে চেকপোস্টের সিসি ক্যামেরার বাইরে ব্র্যাক ব্যাংকের পিছনে গিয়েও পুলিশ চাঁদা নেয়। তবে এখন পুলিশ খুবই সতর্কতা অবলম্বন করে টাকা নেয়।
অভিযোগ রয়েছে, কোম্পানীগঞ্জ থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়। সীমান্ত দিয়ে আসা ভারতীয় বিভিন্ন পণ্য ও গরুর চোরাচালান ভেদে ১ হাজার থেকে ২ লাখ টাকা, শাহ আরফিনের লুটকৃত পাথরবাহী ট্রাক্টরপ্রতি ৫০০ থেকে ৬ হাজার, কালাইরাগে অবৈধ বালুবাহী ট্রাক্টর প্রতি ১০০০ টাকা, রুস্তমপুর পিলখানায় লিস্টার মেশিন প্রতি ৫ হাজার টাকা, উৎমার পাথরবাহী ট্রাক্টরপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা, সাদাপাথর ও শাহ আরফিনের পাথর ভাঙার মেশিন প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা, ধলাই সেতু ও পুলিশ ফাঁড়ির পিছন থেকে বালু উত্তোলনের নৌকা প্রতি ৫০০ ও ট্রলি প্রতি এক হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ ওসি ও কিছু অসাধু কিছু পুলিশ সদস্য। মাঝে মধ্যে আটক ট্রাক ও ট্রাক্টর ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী, নিষিদ্ধ আওয়ামী লীগ, সাদাপাথর, শাহ আরফিন, কলাবাড়ী ও কালাইরাগের বিভিন্ন মামলার আসামিদের কাছ থেকে বিভিন্ন মামলায় অর্থ বাণিজ্য ও ফাঁসানোর অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে।
জানা গেছে, ওসি শফিকুলের হয়ে অতীতে এসআই সিকান্দার, এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম এসব চাঁদার টাকা সংগ্রহ করলেও এখন দায়িত্বে এসআই নুর মিয়া।
গেল ২০ জুন উপজেলার টুকেরবাজার পয়েন্টে ভারতীয় মদ ও একটি মেট্রোপ্লাস মোটরসাইকেলসহ একজনকে পুলিশ সোপর্দ করে জনতা। কিন্তু ওই মামলায় জনতার কথা উল্লেখ না করে ওসির নির্দেশনায় অভিযান বলে চালিয়ে দেন। এমনকি টাকার বিনিময়ে আটক মোটরসাইকেলটি এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। তার বিনিময়ে পুরোনো ভাঙা অন্য আরেকটি মোটরসাইকেল মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়।
আব্দুল করিম নামে এক ব্যবসায়ী বলেন, ৪ এপ্রিল ভাঙা পাথর লোড করার সময় আমার ট্রাক ধরে নিয়ে যান এসআই আমিরুল ইসলাম। গাড়ির মামলার চার্জশিটের জন্য খরচের কথা বলে ওসি শফিকুল আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। এর কিছুদিন পর ওসি হজ্বে চলে যায়। এরপর ভোলাগঞ্জ ফাঁড়িতে ইনচার্জ হয়ে আসেন এসআই নুর মিয়া। তিনি চার্জশিটের জন্য ২০ হাজার টাকা চাইলে আমি ১৫ হাজার টাকা দিয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, ওসি শফিকুল টাকা ছাড়া কিছুই বোঝেন না। টাকার বিনিময়ে তিনি সাদাকে কালো, কালোকে সাদা করেন। পাকিস্তানী কায়দায় আসামিকে না পেয়ে মহিলাদের জিম্মি করেছেন। এমনকি কালা মিয়া নামের এক আসামিকে ধরতে না পেরে তার মা ৭০ বছরের বৃদ্ধা রূপজান বিবিকে ধরে নিয়ে এসে হাজতে বন্দী ও মামলার আসামিও করেছেন।
বরমসিদ্দিপুর গ্রামের সামছুদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হেলাল। তাঁকে ওসি চোরাচালানের লাইনম্যান বানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক চোরাকারবারি বলেন, ২৬ জুন দিবাগত রাতে দুটি নৌকা থেকে কাভার্ডভ্যানে লোড করার সময় পুলিশ ও ডিবি মিলে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ও একজনকে আটক করেন। কিন্তু চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেটের কাউকেই আসামি করেন নি। উল্টো এসব পণ্যের মালিক বিছনাকান্দির রহমতের সাথে বসে মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করেছেন। চোরাচালানের যত মামলা হয় সেসব মামলার প্রকৃত অপরাধীদেরকে তিনি কৌশলে বাদ দিয়ে দেন।
আজির উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, গত ২৬ জুন ১৫ টি ভারতীয় আইপিএস আটক করে পুলিশ। সে মালের মালিক ইমাম, আকিব, এমরানকে আসামি না দিয়ে টাকার বিনিময়ে নিরাপরাধীদের আসামি করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিএনপি নেতা জি কে গউছের বংশধর ও ওসির বন্ধু বলে দাপট দেখান এসআই নুর মিয়া। হজ্বে গেলে ওসির সাম্রাজ্য নিয়ন্ত্রণে রাখে তিনি। দেড় মাস আগে সুনামগঞ্জে বদলির আদেশ হলেও কোম্পানীগঞ্জ থানায় রয়ে গেছেন এসআই নুর মিয়া। ২৯ জুলাই নুর মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ফাঁসানোর অভিযোগ উঠে। তারপর তড়িঘড়ি করে ১ জুলাই ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে এসআই নুর মিয়া বলেন, এসব আননেসেসারি কথা কে বলছে আপনাকে? আপনি দেখছেন নি! তথ্য থাকলে আপনি তথ্য লিখেন।
অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, চেকপোস্টে নিয়মিত পুলিশ ডিউটি করে। সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর বিষয়ে আমার জানা নেই।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আপনার কাছে এ ধরনের তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে দিতে পারেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচ বি বা