সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে টেন্ডার, ওভারটাইম ও গোপনীয় কাজের দায়িত্ব বণ্টন নিয়ে নানা অভিযোগ
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০২:৫১:০৪ অপরাহ্ন
ছবি: ।
সিলেট শিক্ষা বোর্ডে উত্তরপত্র ছাপানোর টেন্ডার, কর্মকর্তা-কর্মচারীদের ওভারটাইম ভাতা প্রদান এবং পরীক্ষা-সংক্রান্ত গোপনীয় কাজে দায়িত্ব বণ্টন নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের কর্মচারী এসোসিয়েশনের একাধিক কর্মকর্তা কর্মচারী ।
অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ কোটি টাকার উত্তরপত্র ছাপানোর টেন্ডার প্রদানের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শনের সময় পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত না করে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর এবং হিসাবরক্ষক নিহার কান্তি রায়কে সঙ্গে নিয়ে পরিদর্শন করা হয় বলে জানা যায়। এতে টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয় ।
এছাড়া অভিযোগ রয়েছে, কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং বিদ্যালয় পরিদর্শক মো. মঞ্জুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা বোর্ডে কর্মরত থাকলেও তাদের প্রত্যাহারে তৎকালীন বোর্ড কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। পরে বর্তমান সরকার তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর এখনো একই পদে বহাল থাকায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, হিসাবরক্ষক নিহার কান্তি রায়ের প্রতি সচিবের বিশেষ দুর্বলতা রয়েছে। জানা যায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিহার কান্তি রায় এবং আলমগীর কবির বিদেশে অবস্থান করলেও তাদের পুরো মাসের ওভারটাইম ভাতা প্রদান করা হয়। এ বিষয়ে অন্য কর্মকর্তা-কর্মচারীরা আপত্তি জানালে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ।
এছাড়া, শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারীর সন্তান এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হলে তাকে পরীক্ষা-সংক্রান্ত গোপনীয় কাজে নিয়োগ না দেওয়ার প্রচলিত বিধান থাকলেও বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর নিহার কান্তি রায়, সুনীল কুমার গোপসহ কয়েকজন কর্মচারীকে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস)-এ পরীক্ষা-সংক্রান্ত গোপনীয় কাজে দায়িত্ব দেন, যদিও তাদের সন্তান চলমান পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানা যায়।
এ বিষয়ে চৌধুরী মামুন আকবর তাঁর সকল অভিযোগ অস্বীকার করেন।
এইচ বি বা