প্রকাশিত

১২/০৭/২০২৬ ০৫:১৩:৫৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

প্রাণ গেল ৭ মাস বয়সী এক শিশুর

সিলেটে এবার হাম উপসর্গে প্রাণ গেল ৭ মাস বয়সী এক শিশুর

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৫:১৩:৫৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এবার প্রাণ গেছে মাত্র সাত মাস বয়সী এক শিশুর। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।



রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।



স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সাত মাস বয়সী ছেলেটি শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।



বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের নিয়মিত রোগ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।



প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪৮৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।



স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে ৮৮ জন এবং পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হওয়া আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম বা এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে।





এইচ বি বা