সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৫:৪৮:০৮ অপরাহ্ন
ছবি: ।
মানুয়েল আকাঞ্জি, দেনিস জাকারিয়াদের নিয়ে গড়া সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভাঙা যে সহজ হবে না, সেটি জানা ছিল আগেই। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে সেই ধারণাকেই আরও দৃঢ় করেছে সুইসরা। নির্ধারিত সময় তো বটেই, অতিরিক্ত সময়ের বেশির ভাগ অংশেও অটুট ছিল তাদের রক্ষণপ্রাচীর। তবু শেষ পর্যন্ত হাসল আর্জেন্টিনাই। ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের গোল আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিল। এরপরও লড়াই শেষ হয়নি। শেষ বাঁশি বাজার ঠিক আগে, ১২০তম মিনিটে লাউতারো মার্টিনেজের নিখুঁত ফিনিশিং নিশ্চিত করে ৩–১ গোলের জয়। রোববার কনসাস স্টেডিয়ামে নাটকীয় এই জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ১৫ জুলাই আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। সেই চাপেরই ফল আসে ১০ মিনিটে। আক্রমণে উঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রথম গোলটি করে এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইজারল্যান্ড। ৩২তম মিনিটে দান এনদোয়ের দারুণ থ্রু বল ধরে এমবোলো বক্সে ঢুকে পড়লেও দ্রুত এগিয়ে এসে অসাধারণ ট্যাকলে বিপদমুক্ত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই সুযোগ নষ্ট হওয়ার পর ১–০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৫তম মিনিটে এমবোলোর হেড দুর্দান্ত ডাইভে ফিরিয়ে দেন এমি মার্টিনেজ। এক মিনিট পর গ্রানিত জাকার দূরপাল্লার জোরালো শটও ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। কিন্তু ৬৮তম মিনিটে আর রক্ষা হয়নি। রিকার্দো রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরান দান এনদোয়ে। সমতা ফেরার পর ম্যাচে যোগ হয় নতুন নাটক। পারেদেসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শুরুতে ফাউলের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের পরামর্শে রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত বদলান। এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন বলে রায় দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখান সুইস ফরোয়ার্ডকে। লাল কার্ড দেখে কান্নাজড়িত চোখে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই ফুটবলার। শেষ সময়ে জয়ের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। যোগ করা সময়ের শেষ দিকে লিসান্দ্রো মার্টিনেজের অ্যাক্রোবেটিক শট ফুল-লেন্থ ডাইভ দিয়ে অসাধারণভাবে রুখে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১–১ সমতায় শেষ হয় ম্যাচ। অতিরিক্ত সময়েও গোলের জন্য মরিয়া ছিল দুই দল। তবে পার্থক্য গড়ে দেয় আর্জেন্টিনার আক্রমণভাগ। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্লিং শটে কোবেলকে পরাস্ত করেন হুলিয়ান আলভারেজ। সেই গোলেই জয়ের পথে এগিয়ে যায় স্কালোনির দল। তবে শেষ কথাটি বলেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ১২০তম মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ নিখুঁত ফিনিশিংয়ে কাজে লাগিয়ে সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। তাতেই ৩–১ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। সুইসদের কঠিন পরীক্ষায় পড়েও শেষ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই জয়েই ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত একটি সেমিফাইনাল নিশ্চিত করল লিওনেল স্কালোনির দল।
এইচ বি বা