প্রকাশিত

১৪/০৭/২০২৬ ০২:৩৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

গৃহবধু গণধর্ষনে একজনের মৃত্যুদন্ড, তিন জনের যাবজ্জীবন, চার আসামি খালাস

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০২:৩৯:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড ও অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
ঘটনার ৫ বছর ৯ মাস ১৮ দিন পর মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল ও মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আদালতে প্রবেশের ক্ষেত্রে তল্লাশি জোরদার করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে শাহপরান (রহ.) মাজার থেকে প্রাইভেটকারে করে ফেরার পথে এক দম্পতির গাড়ি এমসি কলেজের প্রধান ফটকের সামনে আটকে দেয় কয়েকজন যুবক। পরে জোরপূর্বক তাদের কলেজ ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর দম্পতিকে মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও আটকে রাখা হয়।
ঘটনার রাতেই ভুক্তভোগী তরুণীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততা পাওয়ায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার তদন্তে ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর শাহপরান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিচার চলাকালে নির্যাতিত তরুণী, তার স্বামী, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এমসি কলেজের এক অধ্যাপকসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত এ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেন।


Sa/Su