নিজেকে সৌভাগ্যবান মনে করুন: ফারিণ
যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন: ফারিণ
প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৫:৪১:৫০ অপরাহ্ন
ছবি: ।
দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। সেই সঙ্গে বন্যার সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধস। দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ধস হচ্ছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ দুর্যোগে আরও প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি গভীরভাবে উদ্বিগ্ন বিনোদন অঙ্গনের তারকারাও। গত দুদিন ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এ মানবিক সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন। এ তালিকায় শামিল হয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের মানুষের এ দুর্ভোগ দেখে স্থির থাকতে পারেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বন্যার্তদের অবস্থান তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে সেই পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তার ভক্ত-অনুরাগীরাও এ আহ্বানকে সাধুবাদ জানিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বন্যার্তদের কষ্টের চিত্র তুলে ধরে তাসনিয়া ফারিণ লিখেছেন— দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নেই, পানি উঠে বসে আছে। এ অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে। সমাজের সামর্থ্যবানদের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, 'আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে, নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন। আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।'
এইচ বি বা