ভারতে সাজা শেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন সিলেটের পাঁচ বাসিন্দা
প্রকাশিত: ১৩/১১/২০২৫ ১০:৪২:২৬ পূর্বাহ্ন
ছবি: ।
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে সাজা ভোগের পর দেশে ফিরেছেন সিলেটের পাঁচ বাসিন্দা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগার থেকে সাজা শেষে তাঁদের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। এ সময় ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় পুলিশ পাঁচ বাংলাদেশিকে আটক করে। পরবর্তীতে আদালতের আদেশে তাঁদের তুরা কারাগারে পাঠানো হয়। সাজা শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত তাঁদের ফেরত পাঠায়।
দেশে ফেরত আসা পাঁচজন হলেন-জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯) ও মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ বলেন, ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ'র উপস্থিতিতে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচজনকেই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে