প্রকাশিত

১৮/০৭/২০২৬ ০৪:৫৮:১২ অপরাহ্ন

দেশজুড়ে

স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৪:৫৮:১২ অপরাহ্ন

ছবি: ।

নিজ জন্মভূমি পেকুয়া উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।


শনিবার (১৮ জুলাই) সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।


ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুরুতে পেকুয়ায় শামশুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ।


এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বন্যার কারণে এ অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শামশুল হক ফাউন্ডেশন অতীতের মতো এবারও ঘরহারা মানুষের পাশে দাঁড়িয়েছে। ঘরহারা মানুষের জন্য নির্মাণসামগ্রী বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এ সময় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবাইকে এমন মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।


অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় ভাঙা বেড়িবাঁধের অংশ পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় ওই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।


বেড়িবাঁধ পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ উপজেলার শিলখালী, টইটং, রাজাখালী, বারবাকিয়া, মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।


ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশব্যাপী আমাদের যে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে, ২০ হাজার কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, সংস্কার করব।


এর উদ্দেশ্য হলো জলাধার (ওয়াটার রিজার্ভার) নির্মাণ, যাতে শুষ্ক মৌসুমে কৃষিতে পানির অভাব না হয়, বৃক্ষরোপণসহ মৎস্যচাষ বৃদ্ধি পায় এবং পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন হয়। যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সমন্বিত প্রচেষ্টা ও পরিকল্পনা। এজন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। কয়েক মাস আগে থেকেই এর কাজ শুরু হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিরও জাতীয় উদ্বোধন প্রধানমন্ত্রী আমার নির্বাচনি এলাকায় এসে করেছেন। এগুলো সবই সমন্বিত প্রক্রিয়ার অংশ।


তিনি আরও বলেন, খাল খনন, সংস্কার, পুনঃখনন, বৃক্ষরোপণ, মৎস্যচাষ এবং এর মাধ্যমে জলাধার নির্মাণ, শুষ্ক মৌসুমে উৎপাদন বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের মাধ্যমে যাতে জলাবদ্ধতা কমে যায় বা বন্যার পানি দ্রুত নেমে যায়—এসবই একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে আমরা গ্রহণ করেছি। এর জন্য অর্থবরাদ্দ, পরিকল্পনা ও প্রকল্প রয়েছে। এগুলো একসঙ্গে বাস্তবায়ন করা হবে।


ত্রাণ বিতরণ কার্যক্রমে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





এইচ বি বা