প্রকাশিত

২০/০৭/২০২৬ ০৪:৩৬:০০ অপরাহ্ন

দেশজুড়ে

নজির স্টুয়ার্ড গার্ড

স্বর্ণ-টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির স্টুয়ার্ড গার্ডের

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৪:৩৬:০০ অপরাহ্ন

ছবি: ।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে এক যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা ফিরিয়ে দিয়ে সততা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন। তার এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার বাসিন্দা। তিনি জানান, গত বুধবার (১৫ জুলাই) রাতে মহানগর গোধূলি ট্রেনে দায়িত্ব পালনকালে কেবিনের ময়লার ঝুড়িতে আমের খোসা ফেলতে গিয়ে একটি পলিথিনে মোড়ানো কয়েকটি জর্দার কৌটা দেখতে পান। প্রথমে সেগুলো সাধারণ জর্দার কৌটা ভেবে নিজের কাছে রেখে দেন।


কিছুক্ষণ পর এক যাত্রীর ফোন পেয়ে তিনি জানতে পারেন, যাত্রীর স্বর্ণের চেইন ও কিছু নগদ টাকা হারিয়ে গেছে। যাত্রীর বর্ণনার সঙ্গে মিলিয়ে জর্দার কৌটাগুলো খুলে দেখে তিনি প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং দুই হাজার টাকা উদ্ধার করেন। পরে যাত্রীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন।


পরবর্তীতে একই রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীতা ট্রেন ভৈরববাজার স্টেশনে পৌঁছালে যাত্রীর স্বজনের কাছে স্বর্ণের চেইন ও নগদ টাকা বুঝিয়ে দেওয়া হয়।


মোশারফ হোসেন বলেন, অন্যের জিনিস আমি কেন রাখব? মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ২০ বছরের চাকরি জীবনে এর আগেও কয়েকবার যাত্রীদের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস তাদের কাছে ফিরিয়ে দিয়েছি।


তার এ সততা ও দায়িত্ববোধের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের মতে, এমন দায়িত্বশীল কর্মীদের কারণে বাংলাদেশ রেলওয়ের সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।





এইচ বি বা