বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা
আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ নিকো পাজের
প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৫:৪৪:২৮ অপরাহ্ন
ছবি: ।
সবশেষ চার বিশ্বকাপে তিনটি ফাইনাল খেললেও শিরোপা শুধু একবারই জিতেছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও ২০২৬ সালে সেটি ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। স্পেনের দাপুটে পারফরম্যান্সে ১-০ গোলে হেরে যাওয়ার পর তাই বিশ্বকাপ ট্রফি আবারও নিজেদের দেশে ফেরানোর প্রতিজ্ঞা করেছেন আর্জেন্টিনার তরুণ খেলোয়াড় নিকো পাজ। আবার শিরোপা জিততে সবটুকু ঢেলে দেওয়ার কথা বলেছেন তিনি। ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ৩৬ বছর অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার। এরপর ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনাল খেললেও কাটেনি শিরোপাখরা। পরে ২০২২ সালে অবশেষে সোনালী ট্রফি যায় আর্জেন্টিনার কেবিনেটে। সেটি ধরে রাখার মিশনে এবারও অনেকটা পথ এগোলেও, ফাইনালে স্পেনের সঙ্গে পেরে ওঠেনি তারা। ফাইনাল হারের পর তাই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে বিশ্বকাপ ট্রফি ফেরানোর প্রতিশ্রুতি দেন ২১ বছর বয়সি নিকো পাজ। পাজ বলেন, আজ, আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গর্বিত এই দেশ, এই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরে ও এমন চমৎকার মানুষদের একটি দলের অংশ হতে পেরে যারা এ পতাকার জন্য জীবন দিতে প্রস্তুত এবং প্রতি মুহূর্তে নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি। এবারের বিশ্বকাপে দুইটি ম্যাচে বদলি হিসেবে নামার সুযোগ পান নিকো পাজ। তবে বয়স মাত্র ২১ হওয়ায়, ফর্ম ধরে রাখতে পারলে সামনের দিনগুলোতে তিনিই হবেন আর্জেন্টিনার আক্রমণভাগের কান্ডারি। তাই আগেভাগেই নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা নিকো পাজের। নিকো পাজ বলেন, আমি কথা দিচ্ছি, এ বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সকল স্প্যানিশকে অভিনন্দন। সবসময় আর্জেন্টিনা সুখে এবং দুঃখে।
এইচ বি বা