দুইজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে দুই হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৫:৫৬:৫৬ অপরাহ্ন
ছবি: ।
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আমপাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অভিযুক্ত নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাটখেতে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যায় জড়িত থাকায় সোহরাব হোসেনকে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এইচ বি বা